খাগড়াছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের জেলা শাখার নতুন কমিটির সব নেতার নামে মামলা করেছে পুলিশ। একই মামলায় জেলা আওয়ামী লীগের এক নেতাসহ অজ্ঞাতনামা ২০-৩০ জনকে আসামি করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে খাগড়াছড়ি সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন থানার উপপরিদর্শক (এসআই) বাদশা বুলবুল। মামলায় রাষ্ট্রবিরোধী কার্যক্রম পরিচালনা ও এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানায়, ১৬ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ ছাত্রলীগের খাগড়াছড়ি জেলা শাখার ৩৯ সদস্যের নতুন কমিটি ঘোষণার খবর ছড়িয়ে পড়ে। এতে মনির হোসেনকে সভাপতি এবং জিৎজয় ত্রিপুরাকে সাধারণ সম্পাদক করা হয়।

পরবর্তীতে ২১ এপ্রিল সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে নেতাকর্মীরা জড়ো হন। এ কার্যক্রমের নেপথ্যে জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক শুভমঙ্গল চাকমার সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ রয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু জানান, মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।