পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন সব উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময় ও সঠিক নিয়ম অনুসরণ করে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান।
মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলায় চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে স্টিয়ারিং কমিটির প্রকল্প অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
সচিব বলেন, একটি স্কিমের বিপরীতে বিপুলসংখ্যক আবেদন জমা পড়ে। এসব থেকে নীতিমালা অনুযায়ী জনস্বার্থ ও অগ্রাধিকার বিবেচনায় সঠিক প্রকল্প নির্বাচন করতে হবে এবং বরাদ্দের সীমার মধ্যে বাস্তবায়নযোগ্যভাবে প্রকল্পের পরিধি নির্ধারণ করতে হবে।
তিনি আরও বলেন, অতিরিক্ত প্রকল্প গ্রহণ করলে কাজের মান ব্যাহত হয়। তাই বাস্তব প্রয়োজন অনুযায়ী জনকল্যাণমুখী প্রকল্প গ্রহণ এবং বরাদ্দ অনুযায়ী কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আওতাধীন পাঁচটি উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও অনুমোদন নিয়ে আলোচনা হয়। এর মধ্যে রয়েছে শহরের কেন্দ্রীয় বাজারে মাছ, মাংস ও সবজি মার্কেট সম্প্রসারণ ও সংস্কার, খাগড়াছড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ভবন নির্মাণ, খাগড়াছড়ি ইংলিশ ভয়েস স্কুল প্রতিষ্ঠা, বিভিন্ন বৌদ্ধ বিহারের অসমাপ্ত কাজ সম্পন্ন এবং দুঃস্থ নারীদের জন্য গবাদিপশু বিতরণ কর্মসূচি।
বাজার আধুনিকায়ন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৫০ লাখ টাকা। একই পরিমাণ অর্থ বরাদ্দ রাখা হয়েছে খাগড়াছড়ি ইংলিশ ভয়েস স্কুল প্রতিষ্ঠার জন্য। এছাড়া আটটি বৌদ্ধ বিহারের অসমাপ্ত কাজ শেষ করতে ব্যয় হবে ২ কোটি ১০ লাখ টাকা। দুস্থ নারীদের স্বাবলম্বী করতে মহিলা সমিতির মাধ্যমে ১ কোটি টাকা ব্যয়ে গরু, ছাগল ও শূকর বিতরণ করা হবে।
সভায় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম, যুগ্মসচিব অতুল সরকার, উপসচিব মোহাম্মদ সামছুল হক, উপসচিব মো. সালাহ্উদ্দীন এবং খাগড়াছড়ি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস মেহেদী।


