খাগড়াছড়ির তবলছড়ি উপজেলার ডাল্যে চরাপাড়ায় ইউপিডিএফের একটি আস্তানায় বিশেষ অভিযান চালিয়ে একটি জি-৩ রাইফেল, গোলাবারুদসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, মিলন চাকমার নেতৃত্বে ইউপিডিএফ (ম)-এর ৮ থেকে ১২ জন সশস্ত্র সদস্য ওই এলাকার একটি টিনশেড ঘরে অবস্থান করছিলেন।

সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে তাঁরা ৭ থেকে ১০ রাউন্ড গুলি ছোড়েন। এ সময় সেনাবাহিনী পাল্টা গুলি চালালে সশস্ত্র সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরে সেনাবাহিনীর অভিযান দল ওই স্থান ও পরিত্যক্ত আস্তানায় তল্লাশি চালিয়ে একটি জি-৩ রাইফেল, ১১ রাউন্ড তাজা গুলি, সাতটি ব্যবহৃত কার্তুজের খোসা, চাঁদা আদায়ের একটি রসিদ বই, একটি সোলার প্যানেল, পাঁচটি ডিসি-টু-এসি কনভার্টার এবং বিভিন্ন ধরনের গৃহস্থালি সামগ্রী উদ্ধার করে।

অভিযান চলাকালে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জামের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


