রাষ্ট্র, সরকার ও সেনাবাহিনীর বিরুদ্ধে ‘অসত্য’ ও ‘বিভ্রান্তিকর’ তথ্য তুলে ধরে অপপ্রচারের অভিযোগ এনে চাকমা রানী ইয়েন ইয়েনকে সতর্কতামূলক চিঠি দেওয়া হয়েছে। রাঙামাটির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী ৬ এপ্রিল এ চিঠি পাঠান।

জেলা প্রশাসকের চিঠিতে বলা হয়, ইয়েন ইয়েন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন উপজাতীয় সংগঠনের সদস্যদের ঐক্যবদ্ধ করতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সরকার ও সেনাবাহিনীর বিরুদ্ধে অসত্য ও বিভ্রান্তিকর অভিযোগ উত্থাপনপূর্বক অপপ্রচারে সংশ্লিষ্ট রয়েছেন বলে বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদনে জানা গেছে। পার্বত্য অঞ্চলের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় এ ধরনের কার্যক্রম এ অঞ্চলের পরিস্থিতির অবনতি ঘটাতে পারে বলে প্রতীয়মান হয়।

এ অবস্থায় ভবিষ্যতে এ ধরনের কোনো বক্তব্য প্রদান বা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে দেশের প্রচলিত আইন ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করে সতর্কতা অবলম্বনের জন্য তাকে অনুরোধ করা হয়েছে।

চিঠি পাওয়ার কথা স্বীকার করে ইয়েন ইয়েন সংবাদমাধ্যম প্রথম আলোকে বলেছেন, তার আইনি পরামর্শকের মাধ্যমে তিনি জেলা ম্যাজিস্ট্রেটের কাছে চিঠির উত্তর দিয়েছেন। তবে জেলা ম্যাজিস্ট্রেট এ চিঠি পাননি বলে জানিয়েছেন।

ইয়েন ইয়েন চাকমা সার্কেল প্রধান দেবাশীষ রায়ের ২য় স্ত্রী। দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে অভিযোগ- তিনি আন্তর্জাতিক বিভিন্ন মঞ্চে রাষ্ট্রের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে বেড়ান। পাহাড়ের বিভিন্ন ইস্যুতে জাতিগত বিভেদের উস্কানির অভিযোগেও গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।