রাঙামাটি শহরের একটি বাজারে বিক্রির জন্য আনা পাঁচ কেজি হরিণের মাংস জব্দ করেছে বন বিভাগ। গত শুক্রবার (৩১ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের সমতাঘাট বাজার থেকে এসব মাংস জব্দ করা হয়। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
বন বিভাগ জানায়, জঙ্গল থেকে শিকার করা একটি মায়া হরিণ জবাই করে কয়েকজন ব্যক্তি সমতাঘাট বাজারে মাংস বিক্রি করছেন—এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে বিষয়টি টের পেয়ে শিকারিরা পালিয়ে যান।
পরে ঘটনাস্থল থেকে পাঁচ কেজি হরিণের মাংস জব্দ করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা যায়নি।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক বলেন, বন বিভাগের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা মাংস রেখে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, জব্দ করা মাংসের বিষয়ে আদালতের অনুমতি নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


