রাঙামাটি শহরের আসামবস্তি এলাকার ৬ নম্বর ওয়ার্ডের ব্রাহ্মণটিলা (নোয়া আদম) এলাকায় এক কৃষকের পেঁপে বাগানের আনুমানিক ৭০০ থেকে ৮০০টি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।
শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে অজ্ঞাত ব্যক্তিরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক মো. খলিলের বাড়ি রাঙামাটির লংগদু উপজেলায় বৈরাগী বাজার এলাকার বগা চত্বরে। তিনি জানান, জমির মালিক মো. আহমদ ফজলুর রশিদ সেলিমের কাছ থেকে ২০২৫ সালের অক্টোবর মাসে প্রায় আড়াই একর জমি লিজ নিয়ে সেখানে প্রায় ২ হাজার পেঁপের চারা রোপণ করেন। এর মধ্যে প্রায় এক একর জমির ৭০০ থেকে ৮০০টি গাছ কেটে ফেলা হয়েছে বলে তিনি দাবি করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই ২০২৬ লংগদু উপজেলার শিবেরআগা এলাকায় দুইজন কথিত জেএসএস (মূল)-এর কালেক্টরের মধ্যে একজনকে দেশীয় অস্ত্রসহ স্থানীয় লোকজন আটক করে। ওই সময় কৃষক মো. খলিল ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত কৃষকের দাবি, ওই ঘটনার পর থেকে তিনি বিভিন্ন সময়ে জেএসএস (মূল)-এর সদস্যদের কাছ থেকে হুমকি পেয়ে আসছিলেন। এছাড়া ২৮ জুলাই তার বাগানে কর্মরত শ্রমিক জায়েদুল ইসলাম (২০)-কেও হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের ধারণা, ২৩ জুলাইয়ের ঘটনার জের ধরে এ নাশকতার ঘটনা ঘটতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি এবং আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের পরিচয় নিশ্চিত হওয়া যাবে।


