বান্দরবানের রুমা উপজেলায় সমিতির ঋণের কিস্তি আদায় করতে গিয়ে মৃত্যুঞ্জয় কুমার মণ্ডল নামে পল্লী উন্নয়ন বোর্ডের এক মাঠ সংগঠক নিখোঁজ হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে একটি দুর্গম পাড়ায় যাওয়ার কথা বলে বের হওয়ার পর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছে না।

রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রকাশ চাকমা।

অফিস সূত্রে জানা গেছে, শনিবার অফিস বন্ধ থাকলেও পাইন্দু ইউনিয়নের দুর্গম আলেচুপাড়ায় সমিতির কিস্তি আদায়ের কথা বলে অফিসের মোটরসাইকেল নিয়ে বের হন মৃত্যুঞ্জয়। সকাল সাড়ে ৯টার দিকে অফিসের হিসাবরক্ষক মো. রবিউল হোসেনের কাছ থেকে মোটরসাইকেলের চাবি নিয়ে তিনি আলেচুপাড়ার উদ্দেশে রওনা হন।

মৃত্যুঞ্জয় নিয়মিত সমিতি গঠন ও কিস্তি আদায়ের কাজে দুর্গম পাহাড়ি এলাকায় যাতায়াত করতেন। এর আগে এ ধরনের কাজে গিয়ে কোনো সমস্যায় পড়েননি। তাই ছুটির দিনে তিনি নিখোঁজ হওয়ার বিষয়টি প্রথমে অফিসের সহকর্মীদের নজরে আসেনি। সন্ধ্যায় তাঁর স্ত্রী অফিসে এসে খোঁজ নেওয়ার পর বিষয়টি জানা যায়।

মৃত্যুঞ্জয়ের বাড়ি খুলনার কয়রা উপজেলার ঝিনুকাঠি আমাদি গ্রামে। তাঁর বাবার নাম বিপন্ন মণ্ডল। বদলি হয়ে রুমায় আসার পর স্ত্রী ও এক সন্তানকে নিয়ে তিনি সেখানে বসবাস করছিলেন বলে জানিয়েছেন অফিসের সংশ্লিষ্ট কর্মচারীরা।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া জানান, মৃত্যুঞ্জয় কুমার মণ্ডল নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

তিনি বলেন, মুঠোফোনের অবস্থান অনুসন্ধানে শনিবার দুপুর পর্যন্ত মৃত্যুঞ্জয়ের অবস্থান কুক্ষ্যংঝিরি এলাকায় পাওয়া যায়। পরে স্থানীয় লোকজন বিকেলে তাকে মুরুংবাজার এলাকায় দেখেছেন বলে জানিয়েছেন। তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি কুক্ষ্যংঝিরি বাজার থেকে উদ্ধার করা হয়েছে।

নিখোঁজ মাঠ সংগঠকের সন্ধানে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ যৌথভাবে কাজ করছে বলে জানিয়েছেন ওসি।