গুজব ছড়িয়ে রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর ডাকে গতকাল (বুধবার) আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করেছে। এর আগে গত সোমবার (১৩ মে) রাঙামাটি ও খাগড়াছড়ির বিভিন্ন স্থানে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচি থেকে দলটি অবরোধ কর্মসূচির ঘোষণা দেয়।
ইউপিডিএফ এর দাবি মতে, আদালতের মাধ্যমে চিটাগাং হিল ট্র্যাক্টস রেগুলেশন ১৯০০ বাতিলসহ রাজা-হেডম্যান-কার্বারি পদবি বিলোপ এবং পাহাড়িদের প্রথাগত অধিকার হরণের অভিযোগে এই অবরোধ কর্মসূচি পালন করে।
অবরোধ উপলক্ষ্যে তাদের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, সরকার আদালতকে ব্যবহার করে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগণকে অধিকারহীন করার লক্ষ্যে ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি বাতিলসহ রাজা-হেডম্যান-কার্বারি পদবি বিলোপ করে দেওয়ার ষড়যন্ত্র করছে। এর বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তুলতে হবে।
ব্রিটিশ উপনিবেশিক শাসকরা বৈচিত্র্যময় সংস্কৃতি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বিদেশি অভিবাসীদের হাত থেকে রক্ষা করার জন্য 'পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি ১৯০০' জারি করেছিলেন। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে বিশেষ মর্যাদা দিয়ে ১৯০০ সালের ১ মে থেকে এই শাসনবিধি কার্যকর হয়।
১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরের পর ১৯৯৯ সালে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ গঠিত হয়। এরপর থেকেই সন্তু লারমা নামে পরিচিত জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমার নেতৃত্বে এই সংস্থাটি কাজ করছে।
রাঙ্গামাটি ফুড প্রোডাক্টস লিমিটেড ও ওয়াগ্গাছড়া এস্টেট লিমিটেড নামের ২টি বেসরকারি প্রতিষ্ঠানের দায়ের করা পৃথক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট কয়েক বছর আগে 'পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি ১৯০০'- কে 'মৃত আইন' বলে অভিহিত করেছিলেন।
২০১৬ সালের ২২ নভেম্বর হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিলের পর, আপিল বিভাগ 'পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি ১৯০০'- কে সাংবিধানিকভাবে বৈধ এবং কার্যকর ঘোষণা করে।
হাইকোর্টের এক আইনজীবী বলেন, পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি বাতিলের কোন পদক্ষেপ সরকার নেয়নি। ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তিতে এসব অধিকার বাস্তবায়নের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। এর বাতিল করার কোনো ইচ্ছা সরকারের নেই। হাইকোর্ট সাংবিধানিকভাবে বৈধ এবং কার্যকর ঘোষণা করার পরও এ নিয়ে শঙ্কা প্রকাশ করে আন্দোলন করার পেছনে অন্য উদ্দেশ্য থাকতে পারে। এটা সম্পূর্ণ গুজব।
তিনি এ ধরণের গুজব থেকে সাধারণ জনগণকে সাবধান থাকার পরামর্শ দেন।
-পার্বত্য সময়
পাহাড়ে গুজব ছড়িয়ে ইউপিডিএফ এর অবরোধ কর্মসূচি
পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি বাতিলের কোন পদক্ষেপ সরকার নেয়নি। ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তিতে এসব অধিকার বাস্তবায়নের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। এর বাতিল করার কোনো ইচ্ছা সরকারের নেই।
সি
স্টাফ রিপোর্টার
১৬ মে, ২০২৪ ৮:০০ পূর্বাহ্ন২ মিনিট পড়া

ছবি: সংগৃহীত
