পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের গ্রেপ্তারের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি।
বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে—এমন খবর প্রকাশের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি সংবাদ ফটোকার্ড শেয়ার করেন পরীমনি। তবে দীর্ঘ কোনো মন্তব্য না করে মাত্র একটি শব্দে নিজের অনুভূতি প্রকাশ করেন তিনি। পোস্টের ক্যাপশনে লেখেন, ‘মজা’।
পরীমনির এই সংক্ষিপ্ত মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। যদিও অভিনেত্রী তার মন্তব্যের কোনো ব্যাখ্যা দেননি এবং কেন এমন প্রতিক্রিয়া জানিয়েছেন সে বিষয়েও বিস্তারিত কিছু জানাননি।
তবে অনেকেই ২০২১ সালে রাজধানীর একটি বোট ক্লাবকে কেন্দ্র করে আলোচিত ঘটনার প্রসঙ্গ টেনে বিষয়টি দেখছেন। ওই ঘটনায় পরীমনি দেশজুড়ে আলোচনায় আসেন এবং পরবর্তীতে তাকে ঘিরে একাধিক মামলা ও আইনি প্রক্রিয়াও শুরু হয়। সে সময় বিভিন্ন মহলে বেনজীর আহমেদের নামও আলোচনায় এসেছিল।
এদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি মামলার প্রেক্ষাপটে ইন্টারপোলের সহযোগিতায় বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অভিযোগে তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।



