খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে ম্রাসাথোয়াই মারমার দায়িত্ব পালনে আর কোনো বাধা নেই।
ম্রাসাথোয়াই মারমার নিয়োগ স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত। সোমবার (১৪ সেপ্টেম্বর) চেম্বার আদালত এ আদেশ দেন।
আদালতের এ আদেশের ফলে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে ম্রাসাথোয়াই মারমার দায়িত্ব পালনে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
এর আগে, ম্রাসাথোয়াই মারমার নিয়োগ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। ওই রিটের শুনানি শেষে ম্রাসাথোয়াই মারমার নিয়োগ স্থগিতের আদেশ দিয়েছিলেন হাইকোর্ট।
২০২৫ সালের ১৪ অক্টোবর খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে স্থায়ীভাবে অপসারণ করা হয়। পরে গত ২০ আগস্ট ম্রাসাথোয়াই মারমা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
তবে তার নিয়োগ নিয়ে আইনি চ্যালেঞ্জ তৈরি হলে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। সর্বশেষ আপিল বিভাগের চেম্বার আদালতের আদেশে ম্রাসাথোয়াই মারমার দায়িত্ব পালনের পথ ফের উন্মুক্ত হলো।


