‘দোল রাঙ্গামাট্টে’ বা সুন্দর রাঙ্গামাটি শিরোনামের নতুন এক গান নিয়ে আসছে রাঙ্গামাটির অন্যতম ব্যান্ডদল সাইক্লোন। গানটি বাংলা ও চাকমা ভাষায় সংমিশ্রণে ব্যান্ডের মূল ভোকালিস্ট জিকো নিজেই রচনা করেছেন ও সুর দিয়েছেন। জুলাই মাসে ইউটিউব চ্যানেল ও ‘সাইক্লোন’র নিজস্ব ফেসবুক পেজে গানটির মিউজিক ভিডিও প্রকাশ পাবে বলে জানিয়েছেন জিকো ।
এরই মধ্যে ‘দোল রাঙামাট্টে’ গানটির ৩৯ সেকেন্ডের একটি ট্রেলার ফেসবুক পেজে প্রকাশ্যে আসতেই দর্শকদের মধ্যে বেশ সাড়া পড়েছে। এখন পরিপূর্ণ গানটি দেখার অপেক্ষায় আছে দর্শক-শ্রোতারা।
নতুন গান প্রসঙ্গে জিকো বলেন, ‘দোল রাঙ্গামাট্টে’ সাইক্লোনের দ্বিতীয় মৌলিক গান। এই গানটি বাংলা এবং চাকমা এই দুই ভাষার সংমিশ্রণে করা। গানটিতে রাঙ্গামাটির প্রকৃতিক সৌন্দর্য্য গুলোকে তুলে ধরা হয়েছে। যারা নদী ও সবুজ পাহাড় ঘেরা রাঙ্গামাটিকে ভালোবাসেন আশা করছি তাদের এই গানটি অবশ্যই ভালো লাগবে। আমার বিশ্বাস ‘রুপসী’ গানের মতো এই গানটিও জনপ্রিয়তা পাবে। সব ঠিক থাকলে আগামী জুলাই মাসে গানটি দর্শক-শ্রোতাদের উপহার দেওয়া হবে।
জিকো আরো বলেন, ১৪ পেরিয়ে ১৫ বছরে পদার্পণ করেছে জনপ্রিয় ব্যান্ড ‘সাইক্লোন”। আগামীতে আরো নতুন নতুন গান দর্শক-শ্রোতাদের উপহার দেবো এই আশা রাখছি। বর্তমানে সাইক্লোনের সদস্য হিসেবে আছেন জিকো মারমা, কনক দাশ শুভ, বনি আসাম , অন্তর ত্রিপুরা এবং সৌখিন দেওয়ান ।

-পার্বত্য সময়