২০২৫ সালের ইদ উল ফিতরে ঢালিউডে মুক্তি পাচ্ছে বেশ কয়েকটি আলোচিত সিনেমা। এর মধ্যে শাকিব খানের "বরবাদ", আফরান নিশোর "দাগি", ও সিয়াম আহমেদের "জংলি" রয়েছে দর্শকদের আগ্রহের কেন্দ্রে। এছাড়া মোশাররফ করিম অভিনীত "চক্কর ৩০২" এবং জাজ মাল্টিমিডিয়ার হরর ফ্র্যাঞ্চাইজি "জ্বীন ৩" নিয়েও উচ্ছ্বাস রয়েছে।
শাকিব খান ও কলকাতার ইধিকা পাল জুটির "বরবাদ" একটি রোমান্টিক অ্যাকশন থ্রিলার, যেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন যিশু সেনগুপ্ত। অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন বলিউড ও তেলুগুর রবি বর্মা।
সিয়াম আহমেদ, শবনম বুবলি ও দীঘিকে নিয়ে নির্মিত "জংলি" সত্য ঘটনা অবলম্বনে একটি রোমাঞ্চকর নাট্য চলচ্চিত্র। এটি প্রথম আন্তর্জাতিক মুক্তি পাবে ২৫ এপ্রিল।
অপরাধজগতের গল্প নিয়ে তৈরি "দাগি" ছবির মাধ্যমে দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরছেন নিশো। তার বিপরীতে রয়েছেন তমা মির্জা, বিশেষ চরিত্রে আছেন সুনেরাহ বিনতে কামাল।
এছাড়া, মোশাররফ করিম এবার আসছেন রহস্য-অপরাধধর্মী ছবি "চক্কর ৩০২" নিয়ে, যেখানে তার চরিত্র একজন মার্ডার কেসের তদন্তকারী কর্মকর্তা।
ভৌতিক ফ্র্যাঞ্চাইজি "জ্বীন ৩"-তে এবার যুক্ত হয়েছেন নুসরাত ফারিয়া ও সজল নূর, যা নির্মিত হয়েছে ময়মনসিংহের এক সত্য ঘটনা অবলম্বনে।
এবার ইদে আরও মুক্তি পাচ্ছে বুবলী ও আদর আজাদ অভিনীত থ্রিলার "পিনিক", যেখানে খলনায়িকার চরিত্রে দেখা যাবে বুবলীকে। পাশাপাশি ওয়েব ফিল্ম "হাউ সুইট"-এ অপূর্ব ও তাসনিয়া ফারিণের রসায়ন দর্শকদের বিনোদন দেবে।
সব মিলিয়ে, ঢালিউডের এবারের ইদে জমজমাট প্রতিযোগিতার আভাস মিলছে।
-পার্বত্য সময়



