সাম্প্রতিক সময়ে টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক ও ইউটিউবে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে একটি ব্যতিক্রমী ট্রেন্ড, যেখানে অন্ধকার ঘরে পানিভর্তি গ্লাসে গুঁড়া হলুদ মিশিয়ে নিচে মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে তৈরি করা হচ্ছে সূর্যোদয়ের মতো একটি হলুদ আভা। এর সঙ্গে বাজানো হচ্ছে বলিউডের জনপ্রিয় গান ‘ম্যায় আগার কাহু’। এই মিলিত দৃশ্য চোখজুড়ানো সৌন্দর্য তৈরি করায় এটি হয়ে উঠেছে ‘টিংকারবেল টারমারিক ট্রেন্ড’ নামে পরিচিত।

এই ট্রেন্ডের সূচনা মালয়েশিয়ায়। ১৪ জুন কনটেন্ট ক্রিয়েটর পুষ্পা গোমেনের একটি ভিডিও থেকেই এটি ছড়িয়ে পড়ে। টিকটকে তার ওই ভিডিও ইতোমধ্যে ৩ কোটিরও বেশি ভিউ পেয়েছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ইন্দোনেশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও এখন এটি দারুণ জনপ্রিয়তা পেয়েছে।

বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটররাও এই ট্রেন্ডে অংশ নিচ্ছেন। কেউ কেউ টিউটোরিয়াল তৈরি করছেন, আবার অনেকেই মজার সংস্করণ বানিয়ে আপলোড করছেন সামাজিক মাধ্যমে। এর মধ্যে একটি ভিডিওতে দেখা যায়, একটি শিশু আলোচ্য পানিটি খেয়ে ফেলছে—যা নিয়ে হাস্যরস ছড়িয়েছে অনলাইনে।

বিশেষজ্ঞরা বলছেন, এই ট্রেন্ডে জটিল কিছু নেই—সৌন্দর্য, আলো ও সঙ্গীতের আবেগময় সংমিশ্রণই মূল আকর্ষণ। হলুদের দাম নিয়ে কেউ কেউ রসিকতাও করছেন। তবে আপাতত সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে হলুদের রঙে রাঙানো এক ‘আলোকোজ্জ্বল’ আনন্দ যাত্রা।