বিশ্বখ্যাত হেভি মেটাল গায়ক ওজি অসবর্ন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। মঙ্গলবার সকালে পরিবারের সদস্যদের উপস্থিতিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রক সংগীতের এই কিংবদন্তি। অসবর্নের পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, "গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় ওজি আজ সকালে চিরবিদায় নিয়েছেন। তিনি পরিবারের সদস্যদের সান্নিধ্যে ছিলেন এবং ভালোবাসায় ঘেরা পরিবেশে শান্তিতে মারা গেছেন।"
মাত্র কয়েক সপ্তাহ আগেই অসবর্ন তার ব্যান্ড ‘ব্ল্যাক সাবাথ’-এর সদস্যদের সঙ্গে একটি পুনর্মিলনী কনসার্টে অংশ নেন, যেখানে তিনি ভক্তদের উদ্দেশে এক আবেগঘন বিদায়বার্তা দেন।
১৯৬০-এর দশকের শেষ দিকে ‘ব্ল্যাক সাবাথ’ ব্যান্ডের মাধ্যমে হেভি মেটালের সূচনা করেন ওজি অসবর্ন। ‘আয়রন ম্যান’, ‘প্যারানয়েড’, ‘ওয়ার পিগস’, ‘ক্রেজি ট্রেন’ ও ‘চেঞ্জেস’-এর মতো কালজয়ী গান তাকে এনে দেয় অশেষ জনপ্রিয়তা। একক ক্যারিয়ারেও অসবর্ন ছিলেন দারুণ সফল।
স্টেজে ভিন্নধর্মী ও বিতর্কিত পারফরম্যান্সের জন্য সবসময় আলোচনায় ছিলেন এই রক তারকা। বাদুড়ের মাথা কামড়ে খাওয়া, দর্শকদের দিকে কাঁচা মাংস ছুড়ে দেওয়া কিংবা অদ্ভুত পোশাক ও আচরণের কারণে বহুবার শিরোনামে এসেছেন তিনি। তার আচরণ রক্ষণশীল গোষ্ঠীর কড়া সমালোচনার মুখে পড়লেও বিশ্বজুড়ে তরুণ-তরুণীদের কাছে ছিলেন রক আইকন।
২০০০-এর দশকে এমটিভির রিয়েলিটি শো ‘দ্য অসবর্নস’-এর মাধ্যমে নতুন প্রজন্মের কাছে পরিচিতি পান তিনি। অনুষ্ঠানে তার লস অ্যাঞ্জেলেসের বাড়িতে স্ত্রী শ্যারন ও সন্তান কেলি এবং জ্যাকের সঙ্গে এক ব্যতিক্রমী পারিবারিক জীবনের চিত্র তুলে ধরা হয়।
গত কয়েক বছর ধরেই অসবর্ন নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। ২০১৯ সালে এক দুর্ঘটনার পর তার স্বাস্থ্যের অবনতি শুরু হয়। পরবর্তী সময়ে পারকিনসনসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হন তিনি। সেইসব দীর্ঘস্থায়ী অসুস্থতাই অবশেষে তাকে বিদায় দিয়ে যায়।
সূত্র: সিএনএন
হেভি মেটাল কিংবদন্তি ওজি অসবর্ন আর নেই
৭৬ বছর বয়সে মারা গেলেন বিশ্বখ্যাত হেভি মেটাল তারকা ওজি অসবর্ন।
সি
স্টাফ রিপোর্টার
২৩ জুলাই, ২০২৫ ৫:০৮ পূর্বাহ্ন২ মিনিট পড়া

ছবি: সংগৃহীত
