নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ ৭৬ বছরে পা রাখলেও আজ তার ১৯ তম জন্মদিন। ১৯৪৮ সালের ২৯ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছিলেন তিনি। এমন দিনে জন্মগ্রহণ করায় তার জন্মদিন পালনের সুযোগ আসে চার বছরে মাত্র একবার।
বাংলাদেশের মঞ্চ আন্দোলনের এই পথিকৃৎ শ্রেণিসংগ্রাম, ক্ষুদ্র জাতিসত্তার অধিকার আদায়ের নানা আন্দোলনসহ বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে নাটক লিখে ও নির্দেশনা দিয়ে বিশেষ খ্যাতি পেয়েছেন। তিনি বাংলাদেশের নাট্যজগতে হয়ে উঠেছেন অপরিহার্য।
৭৬ বছর বয়সী এই নাট্যজন জন্মদিন উপলক্ষ্যে বলেছেন, বয়স কম থাকলে অনেক অসম্ভবকে সম্ভব করা যায়। কিন্তু বয়স বাড়তে থাকলে হয়ত কখনো কখনো ক্লান্তি আসে। তবে মঞ্চনাটক, টেলিভিশন ও চলচ্চিত্রে আমি যখন কাজ করি তখন আমার মনে হয়, আমি তো তরুণই, আমি তো যুবকই। আমার বয়সের কথা আমি ভুলে যাই। এ কারণেই প্রৌঢ়ত্ব বা বয়স আমাকে পরাজিত করতে পারেনি।
তিনি আরো বলেন, আমি এমন একটি ক্ষেত্রে কাজ করছি, যার কোনো অবসর নেই, রিটায়ারমেন্ট নেই। আমি ধরেই নিয়েছি, জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে যাব। তার ফলে হয়েছে যেটা, তারুণ্যের যে একটা শক্তি, তা কেমন করে যেন আমি অবলীলায় পেয়ে যাই।
বরেণ্য এ নাট্যকার, অভিনেতা, নির্দেশক মামুনুর রশীদের ১৯তম জন্মদিন রাঙাতে তাই আয়োজন করা হয়েছে উৎসবের, আনন্দ মিলনমেলার।
২৯ ফেব্রুয়ারি থেকে আগামী ২ মার্চ পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ৩ দিনব্যাপী ‘আলোর আলো নাট্যোৎসব’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। উৎসব আয়োজনে থাকবে মামুনুর রশীদ রচিত ও নির্দেশিত নাটকের মঞ্চায়ন, সংগীত, নৃত্য, সেমিনার, প্রদর্শনী ও থিয়েটার আড্ডা।
বৃস্পতিবার বিকেল ৫ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় অনুষ্ঠানের উদ্বোধন করবেন অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন অনিমা মুক্তি গোমেজ, অনিমা রায়, চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু ও রাহুল আনন্দ। বাঁশি বাজাবেন উত্তম চক্রবর্তী। ওয়ার্দা রিহাবের পরিচালনায় নৃত্য পরিবেশন করবে ধৃতি নর্তনালয়।
১ মার্চ সকাল ১০টায় শিল্পকলা একাডেমির সেমিনারকক্ষে আয়োজিত হবে ‘একজন দায়বদ্ধ সৃজনকর্মীর নাট্যপরিভ্রমণ’ শীর্ষক আলোচনা। আলোচনার ধারণাপত্র পাঠ করবেন মলয় ভৌমিক। বিকেল ৪টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে হবে ‘রাঢ়াঙ’ নাটকের পরপর দুটি প্রদর্শনী। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন মামুনুর রশীদ।
২ মার্চ বেলা ৩টা ৩০ মিনিটে বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে থিয়েটার আড্ডা ‘নাট্যকর্মীদের মুখোমুখি মামুনুর রশীদ’। সন্ধ্যা ৭টায় একই হলে প্রদর্শিত হবে নাটক ‘কহে ফেসবুক’। নাটকটির রচয়িতা ও নির্দেশক মামুনুর রশীদ নিজেই।
-পার্বত্য সময়

