জনপ্রিয় ছোটপর্দার অভিনেত্রী শবনম ফারিয়া অভিনয়ে আপাতত কিছুটা বিরতি নিলেও, সোশ্যাল মিডিয়ায় রয়েছেন বেশ সরব। সম্প্রতি তিনি ছুটি কাটাতে গেছেন শ্রীলঙ্কার মনোরম সমুদ্রতট মিরিসার কোকোনাট হিলে, আর সেখান থেকেই ভাগ করে নিচ্ছেন নিজের জীবনের এক স্বপ্নপূরণের মুহূর্ত।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা ছবিতে দেখা গেছে- কালো পোশাকে, কাঁধে ছোট ব্যাগ নিয়ে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছেন ফারিয়া। মুখে তার চেনা মিষ্টি হাসি। এই ছবিগুলোর নিচে ভক্তদের মন্তব্যে ভরে উঠেছে ভালোবাসায়। কেউ লিখেছেন, “আমার প্রিয় অভিনেত্রী, আপনি এখন নাটক করেন না কেন?”—আবার কেউ প্রশংসা করেছেন একসাথে তার রূপ আর ভ্রমণ-পছন্দের।
প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কোকোনাট হিল যেন হৃদয় ছুঁয়ে গেছে ফারিয়ার। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “একটা স্বপ্নের জায়গা ‘কোকোনাট হিল, মিরিসা’- যেখানে আকাশ সোনালি আভায় জ্বলে উঠে, নারিকেল গাছেরা বাতাসে গোপন কথা বলে, আর সূর্য ধীরে ধীরে হারিয়ে যায় সেই অসীম নীলের মাঝে।”
শুধু ভ্রমণ নয়, এটি তার জীবনের একটি স্বপ্ন পূরণের মুহূর্ত বলেই উল্লেখ করেছেন অভিনেত্রী। তিনি আরও লেখেন, “আরেকটা স্বপ্ন পূরণ হলো, তালিকা থেকে মুছে ফেলেছি ঠিকই, কিন্তু হৃদয়ে গেঁথে রইল চিরদিনের মতো।”

-পার্বত্য সময়