বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসানের পশ্চিমবঙ্গের চলচ্চিত্রে নিয়মিত কাজ করা নিয়ে প্রকাশ্য বিরূপ মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী জুঁই বিশ্বাস। তিনি প্রশ্ন তুলেছেন- যেখানে বলিউডে পাকিস্তানি শিল্পীরা নিষিদ্ধ, সেখানে টালিউডে একজন বাংলাদেশি শিল্পীকে “রেড কার্পেট” দিয়ে অভিনয়ের সুযোগ দেওয়া হচ্ছে কেন।
জুঁই বিশ্বাস কলকাতা পৌরসভার ৮১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং ১০ নম্বর বরোর চেয়ারপারসন। একই সঙ্গে তিনি তৃণমূল মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক ও দলটির মুখপাত্র। তিনি পশ্চিমবঙ্গের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের স্ত্রী। উল্লেখযোগ্য, স্বরূপ বিশ্বাস আবার টালিউড শিল্পী ও কলাকুশলীদের ফেডারেশনের সভাপতি।
সম্প্রতি জুঁই বিশ্বাস নিজের ফেসবুক প্রোফাইলে লেখেন, “আমরা পশ্চিমবঙ্গের বাঙালিরা কি জেগে ঘুমোচ্ছি? আমাদের শিল্পীরা বাংলাদেশে কাজ করতে পারেন না, অথচ জয়া আহসানের মতো একজন বাংলাদেশিকে রেড কার্পেট দিয়ে এখানে অভিনয়ের সুযোগ দেওয়া হচ্ছে! পশ্চিমবঙ্গের কি কোনো শিল্পী নেই, যারা ওই চরিত্রটি করতে পারত? কেন ভারতীয় জাদুঘরে জয়াকে নিয়ে অ্যালবাম রিলিজ হয়? যারা এসব সুযোগ করে দিচ্ছেন, তারা কি দেশবিরোধী কাজ করছেন না?”
তিনি আরও বলেন, “বলিউড যদি পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করতে পারে, তাহলে টালিউডে বাংলাদেশি শিল্পীদের প্রতি এত উদারতা কেন?”
তার এই বক্তব্য নিয়ে টালিউডে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। কেউ কেউ তার বক্তব্যকে ‘অসাম্প্রদায়িক সংস্কৃতির ওপর আঘাত’ বলছেন, কেউ আবার প্রশ্ন তুলছেন এ মন্তব্যের পেছনে ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থ আছে কি না।
প্রসঙ্গত, জয়া আহসানের নতুন সিনেমা ‘ডিয়ার মা’ ১৮ জুলাই পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে। মুক্তির আগেই এই মন্তব্য টালিউডে বিতর্কের আগুন ছড়িয়ে দিয়েছে।
জয়া আহসান এক যুগের বেশি সময় ধরে পশ্চিমবঙ্গের গৌতম ঘোষ, কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখার্জির মতো খ্যাতনামা পরিচালকদের ছবিতে অভিনয় করেছেন। তিনি দুই বাংলার দর্শকের কাছেই একজন পরিশীলিত ও শক্তিশালী অভিনেত্রী হিসেবে পরিচিত।
যদিও এই প্রসঙ্গে এখনো জয়া আহসান কিংবা টালিউডের অন্য কোনো বড় শিল্পী বা প্রযোজকের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে ধারণা করা হচ্ছে—বিষয়টি দ্রুতই আরও বড় পরিসরে আলোচনায় আসবে।
-পার্বত্য সময়



