মিয়ানমারের রাখাইন রাজ্যে সশস্ত্র সংগঠন আরাকান আর্মির (এএ) বিরুদ্ধে বড় ধরনের স্থল অভিযান পরিচালনার লক্ষ্যে দেশটির সামরিক বাহিনী উল্লেখযোগ্য সংখ্যক সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
সাম্প্রতিক প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গেছে, মিয়ানমারের আইয়ারওয়াডি অঞ্চল থেকে আনুমানিক ২,০০০ সেনাসদস্য এবং প্রায় ২৫০টি সামরিক যানবাহন স্থলপথে রাখাইন রাজ্যের সীমান্তবর্তী এলাকার দিকে অগ্রসর হয়েছে। একই সঙ্গে সমুদ্রপথে যুদ্ধজাহাজের মাধ্যমে অতিরিক্ত সেনা ও রসদ পরিবহনের কার্যক্রমও চলমান রয়েছে বলে জানা যায়।
সূত্রগুলোর দাবি, এই সামরিক শক্তিবৃদ্ধি রাখাইন রাজ্যে আরাকান আর্মির বিরুদ্ধে সম্ভাব্য নতুন স্থল অভিযান শুরুর প্রস্তুতির অংশ হতে পারে। এছাড়া, মিয়ানমার সামরিক বাহিনীর নতুন নেতৃত্বের অধীনে আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন এলাকাগুলো পুনর্দখল এবং সংগঠনটির সামরিক সক্ষমতা দুর্বল করার কৌশলের সঙ্গে এ পদক্ষেপের সম্পর্ক থাকতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।
সূত্রমতে, এই সামরিক শক্তিবৃদ্ধি মিয়ানমার সামরিক বাহিনীর নতুন সেনাপ্রধান জেনারেল ইয়ে উইন ওয়ের নেতৃত্বে আরাকান আর্মিকে নির্মূল করার চলমান প্রচেষ্টার অংশ হতে পারে।
তবে এ বিষয়ে মিয়ানমার সামরিক বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
রাখাইন রাজ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে সামরিক বাহিনীর এই নতুন শক্তিবৃদ্ধি অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।


