মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপে বসবাসরত রোহিঙ্গাদের আবারও চাপে ফেলেছে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। বিভিন্ন গ্রামে বসবাসকারী রোহিঙ্গাদের নিজ নিজ সম্পত্তির সীমানা বেষ্টনী আগামী ১০ এপ্রিলের মধ্যে সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয়দের আশঙ্কা, এটি পরিকল্পিত উচ্ছেদের পূর্বাভাস।
বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার এক প্রতিবেদনে বলা হয়েছে, মংডুর অন্তত ১৫টি গ্রামের রোহিঙ্গাদের এ নির্দেশ দেওয়া হয়েছে। এতে করে নিরাপত্তাহীনতায় ভুগে তারা আবারও সীমান্ত পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সম্ভাব্য এই অনুপ্রবেশ ঠেকাতে কূটনৈতিক তৎপরতা জোরদারের সুপারিশও করা হয়েছে প্রতিবেদনে।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় (আরআরআরসি) এবং স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক দিনগুলোতে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের প্রবণতা বেড়েছে। গত ১২ দিনে এক হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে এবং তারা কক্সবাজারের বিভিন্ন শিবিরে থাকা স্বজনদের আশ্রয় নিচ্ছে।
রাখাইনে চলমান সংঘাত ও সহিংসতার প্রেক্ষাপটে গত দেড় বছরে নতুন করে দেড় লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এর আগে থেকেই দেশে প্রায় ১১ লাখ রোহিঙ্গা অবস্থান করছিল। নতুন এই ঢল পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।


