কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন উপকূলের অদূরে গভীর সাগরের আন্তর্জাতিক জলসীমা থেকে ভাসমান অবস্থায় রোহিঙ্গাসহ ৯ জনকে জীবিত উদ্ধার করেছে একটি বাংলাদেশি বাণিজ্যিক জাহাজ। পরে তাদের বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়।

রোববার (১২ এপ্রিল) কোস্ট গার্ড কক্সবাজার স্টেশনের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন নারী ও আটজন পুরুষ রয়েছেন। তাদের মধ্যে তিনজন রোহিঙ্গা এবং ছয়জন বাংলাদেশি নাগরিক।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ এপ্রিল ভোরে চট্টগ্রাম বন্দর সংলগ্ন এলাকা থেকে ‘এমটি মেঘনা প্রাইড’ নামের একটি বাংলাদেশি বাণিজ্যিক জাহাজ ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে যাত্রা করে। একই দিন দুপুর ১টার দিকে সেন্টমার্টিন উপকূল থেকে আন্দামান দ্বীপপুঞ্জসংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় পানির ড্রাম ও কাঠের টুকরো আঁকড়ে ধরা অবস্থায় ৯ জনকে ভাসতে দেখে জাহাজটির নাবিকরা। পরে তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে জাহাজে তোলা হয়।

পরবর্তীতে শনিবার (১১ এপ্রিল) ভোররাতে জাহাজটি বাংলাদেশি জলসীমায় পৌঁছালে কোস্ট গার্ডকে বিষয়টি জানানো হয়। পরে কোস্ট গার্ডের জাহাজ ‘ক্যাপ্টেন মনসুর আলী’তে তাদের হস্তান্তর করা হয়।

উদ্ধারকৃতদের কোস্ট গার্ডের পক্ষ থেকে প্রাথমিক চিকিৎসা, খাদ্যসহ প্রয়োজনীয় মানবিক সহায়তা দেওয়া হয়েছে। পরে শনিবার বিকেলে আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়, যাতে স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ট্রলারডুবি বা অন্য কোনো দুর্ঘটনার কারণে তারা সাগরে ভাসমান অবস্থায় পড়েন। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কোস্ট গার্ডের কার্যক্রম চলমান রয়েছে।