বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর ও একটি গরুর খামার পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত তিনটি গরু ও তিনটি ছাগল দগ্ধ হয়ে মারা গেছে।
মঙ্গলবার (২০ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার পুরাতন বাসস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে তা আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বসতঘর ও খামারটি সম্পূর্ণ ভস্মীভূত হয়।
অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানি না ঘটলেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রোয়াংছড়ি ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস পরিদর্শক ইফতেখার উদ্দিন জানান, আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।


