মাছের প্রজনন, বংশবৃদ্ধি ও পোনা অবমুক্তকরণের স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে রাঙামাটি জেলা প্রশাসন।
মঙ্গলবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সমন্বয়ে গঠিত কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঘোষণা অনুযায়ী, আগামী ২৪ এপ্রিল মধ্যরাত থেকে ৩১ জুলাই পর্যন্ত হ্রদে সব ধরনের মাছ আহরণ, পরিবহন ও বাজারজাতকরণ বন্ধ থাকবে। তবে ২৫ এপ্রিল বিকাল ৪টা পর্যন্ত বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) ঘাটে পূর্বে আহরিত মাছ অবতরণ করা যাবে। এছাড়া ২ মে থেকে হ্রদে নতুন করে মাছের পোনা অবমুক্ত করা হবে।
নিষেধাজ্ঞা কার্যকর করতে নৌ পুলিশ ও বিএফডিসির সমন্বয়ে নিয়মিত টহল, গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে। নির্দেশনা অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন।
এদিকে, নিষেধাজ্ঞাকালে ক্ষতিগ্রস্ত জেলে পরিবারগুলোর সহায়তায় মানবিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর আওতায় রাঙামাটি ও খাগড়াছড়ির ২৬ হাজার ৮৪৫টি জেলে পরিবারকে দুই মাসের জন্য ৪০ কেজি করে চাল দেওয়া হবে। পাশাপাশি পরিবহন ব্যয় হিসেবে প্রতি পরিবারকে ৩৫০ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।


