বান্দরবান সদর উপজেলার দুর্গম এলাকায় অস্ত্রের মুখে ছয়জন রাবার শ্রমিককে অপহরণের অভিযোগ উঠেছে।
বুধবার (২২ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার টংকাবতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাতিরডেরা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মো. ইসমাইলের মালিকানাধীন একটি রাবার বাগানে কর্মরত অবস্থায় সশস্ত্র দুর্বৃত্তরা ওই ছয় শ্রমিককে জিম্মি করে তুলে নিয়ে যায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
অপহৃতরা হলেন- মো. ইসমাইল, মো. আরাফাত, মো. শফিক, মো. নুরুল আফসার, মো. কলিমুল্লা ও মো. রমিত। তারা সবাই বান্দরবানের লামা উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ সরদার জানান, অপহরণের খবর পাওয়ার পরপরই তাদের উদ্ধারে অভিযান শুরু করেছে পুলিশ। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।


