সামরিক কাউন্সিলপন্থী ইউনাইটেড ন্যাশনাল পার্টির প্রতিনিধি বুলেট হ্লা সুয়ে দাবি করেছেন, আরাকান আর্মির প্রধান জেনারেল তুন মিয়াত নাইং যেখানে অবস্থান করছেন, সেসব শহরে মিয়ানমার বিমান বাহিনী বোমাবর্ষণ চালাচ্ছে।

গত ৬ মে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিও বার্তায় বুলেট হ্লা সুয়ে এ দাবি করেন।

তিনি বলেন, ৪ মে কিয়াউকতাও টাউনশিপে সামরিক বাহিনীর বিমান হামলা চালানো হয়। কারণ সেখানে জেনারেল তুন মিয়াত নাইং অবস্থান করছিলেন।

এছাড়া ভিডিওতে বুলেট হ্লা সুয়ে বলেন, তুন মিয়াত নাইং কিয়াউকতাও, ম্রাউক-ইউ ও পালেতওয়া টাউনশিপে ঘুরে বেড়াচ্ছেন এবং আত্মগোপনে রয়েছেন। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী এসব এলাকায় বোমাবর্ষণ চালাচ্ছে বলেও তিনি দাবি করেন।

তিনি বলেন, ‘আমরা কিয়াউকতাওয়ে বোমা ফেলেছি। বলা হয়েছিল তুন মিয়াত নাইং কিয়াউকতাও, ম্রাউক-ইউ ও পালেতওয়ায় ঘুরে বেড়াচ্ছে। সে পালিয়ে বেড়াচ্ছিল। কোথায় আছে তা বলতে সাহস করত না। কিন্তু স্থানীয়রা আমাদের জানিয়েছে টুন মিয়াত নাইং কোথায় এসেছে। এরপর সেনাবাহিনী গিয়ে বোমাবর্ষণ করেছে। শুধু এক-দুটি গাড়ি নয়, ব্যাপকভাবে বোমা ফেলা হয়েছে। তুন মিয়াত নাইং যেখানে গেছে, পুরো শহর ধ্বংস হয়ে গেছে। ভারী বোমা বর্ষণ হয়েছে।’

সম্প্রতি দ্য ডিপ্লোম্যাটকে দেওয়া সাক্ষাৎকারে জেনারেল তুন মিয়াত নাইং বলেছিলেন, সামরিক বাহিনীর বিমান হামলা চলতে থাকলে রাজনৈতিক আলোচনা অনেক দূরে সরে যাবে। এ বিষয়ে বুলেট হ্লা সুয়ে বলেন, রাজনৈতিক আলোচনা নয়, আরও ব্যাপক বোমাবর্ষণ চালানো উচিত।

এছাড়া ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের (এনইউজি) প্রধানমন্ত্রী মাহ্ন উইন খাইং থানসহ বিপ্লবী নেতাদের বাগো অঞ্চলে অবাধে চলাফেরার একটি ভিডিও প্রকাশের প্রসঙ্গ টেনে তিনি টুন মিয়াত নাইংকে কটাক্ষ করে বলেন, খুব শিগগিরই পালেতওয়াতেও বোমাবর্ষণ করা হবে, কারণ তিনি সেখানে অবস্থান করছেন।

তিনি আরও বলেন, ‘মিন কো নাইং, মাহ্ন উইন খাইং থান ও অন্যরা বাগো অঞ্চলের একটি গ্রামে ছোট ঘর বানিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আমি জানি কোন গ্রাম সেটা। প্রায় দুই মাস আগে তোমরা আর তুন মিয়াত নাইং পালিয়ে বেড়াচ্ছিলে। এরা ব্যাগ কাঁধে নিয়ে হাঁটছে, আর তুন মিয়াত নাইং পালিয়ে বেড়াচ্ছে। সেনাবাহিনী ইতোমধ্যে তাকে বোমা মেরেছে। মাহ্ন উইন খাইং থান ও অন্যরা ঘুরে বেড়াচ্ছে। কিন্তু টুন মিয়াত নাইং কোথায় আছে তা বলতে সাহস পায় না। শুধু বলা হয়েছে, ‘তুন মিয়াত নাইং কিয়াউকতাও থেকে পালিয়ে পালেতওয়ায় গেছে। অপেক্ষা করুন, পালেতওয়াতেও শিগগিরই হামলা হবে।’

উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে বুলেট হ্লা সুয়ে সশস্ত্র প্রতিরোধ আন্দোলনের নেতাদের পাশাপাশি গণতান্ত্রিক নেত্রী দাও অং সান সু চি ও প্রেসিডেন্ট উইন মিন্ট সম্পর্কেও বিভিন্ন বিদ্রূপাত্মক মন্তব্য করে আসছেন।