ভারত সফরের পর মিয়ানমারের সাবেক সামরিক জান্তা প্রধান ও বর্তমান প্রেসিডেন্ট মিন অং হ্লাইং সোমবার (১৫ জুন) চীনে পৌঁছান। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর আয়োজিত এবং আন্তর্জাতিক গণতন্ত্র পর্যবেক্ষকদের সমালোচিত নির্বাচনের মাধ্যমে বেসামরিক নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম চীন সফর।

সফরকালে মিন অং হ্লাইংয়ের চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও নিরাপত্তা সহযোগিতা জোরদারের বিষয়টি গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

২০২১ সালে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের পর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক কূটনৈতিক চাপ ও বিচ্ছিন্নতার মুখে পড়ে মিয়ানমার। সেই প্রেক্ষাপটে চীন দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ ও স্থায়ী অংশীদার হিসেবে ভূমিকা পালন করে আসছে।

তবে সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের সম্পর্ক কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলে গড়ে ওঠা অনলাইন প্রতারণা ও সাইবার জালিয়াতি চক্র নিয়ে বেইজিং উদ্বেগ প্রকাশ করেছে। এসব চক্রে চীনা নাগরিকদের ব্যবহার এবং তাদেরই লক্ষ্যবস্তুতে পরিণত করার অভিযোগ রয়েছে।

বিশ্লেষকদের মতে, অভ্যুত্থানের পর শুরু হওয়া মিয়ানমারের গৃহযুদ্ধে চীন একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। নিজেদের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থের ভিত্তিতে বেইজিং কখনো সামরিক বাহিনী, কখনো বিদ্রোহী গোষ্ঠী এবং কখনও উভয় পক্ষের মধ্যে যুদ্ধবিরতি উদ্যোগকে সমর্থন দিয়ে এসেছে।