তামিলনাড়ু বিধানসভায় প্রথম ভাষণে সামাজিক সমতা, সম্প্রীতি ও সুশাসনের ওপর গুরুত্বারোপ করেছেন মুখ্যমন্ত্রী বিজয়।
বিধানসভায় ভাষণ দেওয়ার সময় তিনি সামাজিক ন্যায়বিচার ও সমতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বক্তব্যের শুরুতে তিনি আব্রাহাম লিংকনের একটি উদ্ধৃতি তুলে ধরে বলেন, ‘সবাই সমান।’
এ সময় তিনি নবনির্বাচিত স্পিকার প্রভাকরকে অভিনন্দন জানান এবং বিধানসভার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি দল-মত নির্বিশেষে উন্নয়ন ও জনকল্যাণে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
মুখ্যমন্ত্রী বিজয় তার সরকারের অগ্রাধিকার হিসেবে সুশাসন, জনকল্যাণ, যুব উন্নয়ন এবং প্রশাসনিক স্বচ্ছতার বিষয়গুলো তুলে ধরেন।
এর আগে, এক সরকারি বিজ্ঞপ্তিতে তিনি রাজ্যজুড়ে শিক্ষা প্রতিষ্ঠান, উপাসনালয় ও বাস টার্মিনালের ৫০০ মিটারের মধ্যে থাকা ৭১৭টি রাষ্ট্রায়ত্ত টিএএসএমসি মদের দোকান দুই সপ্তাহের মধ্যে বন্ধের নির্দেশ দেন।
সরকারি তথ্যমতে, বন্ধের তালিকায় থাকা দোকানগুলোর মধ্যে ২৭৬টি উপাসনালয়ের, ১৮৬টি শিক্ষা প্রতিষ্ঠানের এবং ২৫৫টি বাস টার্মিনালের কাছাকাছি অবস্থিত। বর্তমানে তামিলনাড়ু স্টেট মার্কেটিং করপোরেশন রাজ্যজুড়ে ৪ হাজার ৭৬৫টি খুচরা মদের দোকান পরিচালনা করছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস ও প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া


