মিয়ানমারে ৫ দশমিক ০ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এই কম্পন বাংলাদেশের বিভিন্ন এলাকাতে, বিশেষ করে চট্টগ্রামে অনুভূত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের (জিএফজেড) তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় রাত ১টা ৩৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে। প্রাথমিকভাবে এর উপকেন্দ্র নির্ধারণ করা হয়েছে ২০ দশমিক ৪৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৩ দশমিক ৯৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

চীনের বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি মিয়ানমারের সিডোকতাইয়া এলাকার কাছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, উপকেন্দ্রটি সিডোকতাইয়া থেকে প্রায় ১১ কিলোমিটার দূরে ছিল।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

তবে গভীর রাতে হঠাৎ ভূমিকম্প অনুভূত হওয়ায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।