যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা কার্যকরে সহযোগিতা করা দেশগুলো হরমুজ প্রণালি দিয়ে চলাচলের ক্ষেত্রে অবশ্যই সমস্যার মুখে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান।
দেশটির সামরিক বাহিনীর এক মুখপাত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। তাসনিম নিউজ এজেন্সি বরাত এ খবর জানিয়েছে আল-জাজিরা।
ইরানের সামরিক মুখপাত্র আকরামি নিয়া বলেন, সাম্প্রতিক যুদ্ধে শত্রুর কোনো লক্ষ্যই অর্জিত হয়নি এবং এতে ইরানের রাজনৈতিক ভারসাম্যও বিঘ্নিত হয়নি।
তিনি বলেন, বরং দেশের অভ্যন্তরে ঐক্য ও সংহতি আরও শক্তিশালী হয়েছে, যা এখনো রাস্তায় মানুষের উপস্থিতিতে দেখা যাচ্ছে।
তিনি আরও বলেন, ‘শত্রুপক্ষ বুঝতে পেরেছে যে তারা এই প্রতিরোধ ভাঙতে পারবে না এবং শেষ পর্যন্ত তারা যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়েছে।’
তিনি দাবি করেন, চলমান যুদ্ধবিরতির সময়েও ইরান নিজেদের সামরিক শক্তি ও সক্ষমতা আরও জোরদার করেছে।
পাশাপাশি লক্ষ্যবস্তুর তালিকা হালনাগাদ এবং প্রতিরক্ষা ও আক্রমণাত্মক অবস্থান পুনর্গঠন করা হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, হরমুজ প্রণালি হলো পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যবর্তী একটি সরু কিন্তু অত্যন্ত কৌশলগত সমুদ্রপথ। এই প্রণালির পশ্চিমের পারস্য উপসাগরকে পূর্বের ওমান উপসাগর ও আরব সাগরের সাথে সংযুক্ত করেছে। এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহনের পথ। এই পথে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ (২০ শতাংশ) তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হয়।

