ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। সোমবার (১ জুন) নয়াদিল্লিতে এ বৈঠকে বাণিজ্য, প্রতিরক্ষা সহযোগিতা, সীমান্ত নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের পাঁচ দিনের ভারত সফর এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন তিনি দেশটির সাম্প্রতিক পার্লামেন্ট নির্বাচনের পর দুই মাসেরও কম সময় আগে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন। দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা ও সামরিক শাসনের পর গত ডিসেম্বর ও জানুয়ারিতে মিয়ানমারে নির্বাচন অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রন্ধীর জয়সওয়াল জানান, দুই নেতা ভারত-মিয়ানমার সম্পর্ককে আরও গভীর ও বহুমুখী করার বিষয়ে একমত হয়েছেন। উভয় দেশ শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ অবকাঠামো, উন্নয়ন অংশীদারিত্ব, দক্ষতা উন্নয়ন, নিরাপত্তা এবং সীমান্ত ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছে।

বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মিয়ানমারকে ভারতের ‘বিশ্বস্ত প্রতিবেশী, নির্ভরযোগ্য অংশীদার এবং সংকটকালে প্রথম সাড়া প্রদানকারী বন্ধু’ হিসেবে উল্লেখ করেন। তিনি ভারতের ‘নেইবারহুড ফার্স্ট’, ‘অ্যাক্ট ইস্ট’ এবং ‘মহাসাগর’ নীতির আলোকে মিয়ানমারের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

এছাড়া মোদি মিয়ানমারে শান্তি ও সংলাপ প্রতিষ্ঠায় ভারতের সমর্থনের কথা উল্লেখ করে ফেডারেল শাসনব্যবস্থা ও অর্থনৈতিক উন্নয়ন বিষয়ে ভারতের অভিজ্ঞতা বিনিময়ের আগ্রহ প্রকাশ করেন।

ভারতের অন্যতম কৌশলগত প্রতিবেশী মিয়ানমার দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য নাগাল্যান্ড ও মণিপুরসহ বিভিন্ন অঞ্চলের সঙ্গে প্রায় ১ হাজার ৬৪০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত ভাগ করে নিয়েছে। ফলে সীমান্ত নিরাপত্তা ও আন্তঃদেশীয় সহযোগিতা দুই দেশের সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হয়।

সফরের অংশ হিসেবে প্রেসিডেন্ট মিন অং হ্লাইং আগামী ২ জুন মুম্বাই সফর করবেন। সেখানে তিনি ব্যবসায়ী ও শিল্প খাতের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।