দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে ভারতে পৌঁছেছেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং। পাঁচ দিনের এই সফর দুই দেশের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক, আধ্যাত্মিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

শনিবার (৩০ মে) বিহারের বোধগয়ায় পৌঁছালে তাকে স্বাগত জানান বিহারের রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল (অব.) সৈয়দ আতা হাসনাইন। এরপর তিনি বৌদ্ধ তীর্থস্থান মহাবোধি মন্দির পরিদর্শন করেন। ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী এই স্থানে তার সফর দুই দেশের গভীর সাংস্কৃতিক ও ধর্মীয় বন্ধনের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এই সফর ভারত ও মিয়ানমারের মধ্যকার দীর্ঘদিনের ঐতিহাসিক, আধ্যাত্মিক ও জনগণের পারস্পরিক সম্পর্কের প্রতিফলন। তিনি আশা প্রকাশ করেন, সফরের মাধ্যমে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারিত হবে।

সফরকালে আগামী ১ জুন নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসবেন মিন অং হ্লাইং। বৈঠকে সীমান্ত নিরাপত্তা, সংযোগ অবকাঠামো, বাণিজ্য, আঞ্চলিক সহযোগিতা এবং দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এছাড়া নয়াদিল্লিতে আয়োজিত একটি ব্যবসায়িক ফোরামেও অংশ নেবেন মিয়ানমারের প্রেসিডেন্ট। সেখানে দুই দেশের সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ী নেতারা উপস্থিত থাকবেন। সফরের অংশ হিসেবে তিনি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাৎ করবেন।

সফরের শেষ দিনে, ২ জুন মুম্বাইয়ে শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন এবং বিনিয়োগ সংশ্লিষ্ট বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

উল্লেখ্য, মিন অং হ্লাইং ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে নির্বাচিত সরকারকে অপসারণ করেন। পরে চলতি বছর অনুষ্ঠিত নির্বাচনে সামরিক সমর্থিত প্রার্থীদের বিজয়ের মাধ্যমে তিনি প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হন। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম বিদেশ সফর।