পশ্চিমবঙ্গ সরকার অবৈধভাবে ভারতে অবস্থানকারী বিদেশি নাগরিকদের আটক ও দেশান্তরের আগে রাখার জন্য বিভিন্ন জেলায় ‘হোল্ডিং সেন্টার’ বা আটককেন্দ্র স্থাপনের নির্দেশ দিয়েছে। দেশটির স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের পক্ষ থেকে জারি করা এক সরকারি নির্দেশনায় জেলা শাসকদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, যেসব বিদেশি নাগরিক অবৈধভাবে ভারতে অবস্থান করছেন অথবা কারাভোগ শেষ করেও এখনও নিজ দেশে ফেরত পাঠানো হয়নি, তাদের এই কেন্দ্রগুলোতে রাখা হবে। গত ২৩ মে জারি হওয়া এই নির্দেশ দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (এমএইচএ) গাইডলাইন অনুযায়ী কার্যকর করা হবে। বিশেষ করে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গাদের প্রত্যাবাসন ও পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এর আগে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন, আটক বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আদালতে না তুলে সরাসরি সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে তুলে দিতে।
এদিকে, ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদারে শিলিগুড়ি মহকুমার একটি এলাকায় সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার বিএসএফকে ২৭ কিলোমিটার জমি হস্তান্তর করার পর এই কাজ শুরু হয়, যা সীমান্ত নিরাপত্তা জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


