দুর্নীতিসংশ্লিষ্ট মামলায় সাজা ভোগের প্রায় আট মাস পর থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা কারামুক্ত হয়েছেন।

সোমবার (১০ মে) ব্যাংককের ক্লং প্রেম সেন্ট্রাল কারাগার থেকে প্যারোলে মুক্তি পান ৭৬ বছর বয়সী এই প্রভাবশালী রাজনীতিক ও ব্যবসায়ী। কারাগারের বাইরে তার পরিবারের সদস্য, রাজনৈতিক সহযোগী এবং শত শত সমর্থক জড়ো হন। এ সময় তারা ‘উই লাভ থাকসিন’ (আমরা থাকসিনকে ভালোবাসি) স্লোগান দেন।

থাকসিন দীর্ঘ প্রায় ২৫ বছর থাইল্যান্ডের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব বজায় রেখেছিলেন। তবে সাম্প্রতিক সময়ে কারাবরণ এবং তার দল ফেউ থাই পার্টির নির্বাচনে খারাপ ফলাফলের কারণে তার রাজনৈতিক প্রভাব কিছুটা কমে গেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

সাধারণ সাদা শার্ট পরে এবং ছোট করে ছাঁটা চুলে থাকসিন স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটে কারাগার থেকে বের হন। এ সময় তাকে ঘিরে ধরেন পরিবারের সদস্যরা, যার মধ্যে ছিলেন তার মেয়ে পেতংতার্ন সিনাওয়াত্রা। থাকসিনের কারাবরণের কয়েক সপ্তাহ আগে, আদালতের আদেশে গত বছরের আগস্টে তিনি প্রধানমন্ত্রীর পদ হারান তিনি।

কারামুক্তির পর থাকসিন হাসিমুখে সমর্থকদের শুভেচ্ছা জানান, তবে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা না বলেই তিনি সেখান থেকে চলে যান।