ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় জেনারেল সান্তোস সিটিতে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছেন দেশটির স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা।
সোমবার জেনারেল সান্তোস সিটির দুর্যোগ ব্যবস্থাপনা প্রধান অ্যাগ্রিপিনো ডাসেরা বলেন, নিহতের খবরগুলো এখনও যাচাই-বাছাই করা হচ্ছে। একই সঙ্গে ভূমিকম্পে সৃষ্ট ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র নিরূপণে মাঠপর্যায়ে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর এশিয়ার কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ভূমিকম্পে বহু ভবন ক্ষতিগ্রস্ত ও ধসে পড়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটের কিছু আগে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।
ফিলিপাইনের আগ্নেয়গিরি ও ভূমিকম্পবিজ্ঞান ইনস্টিটিউট (ফিভোলক্স) জানিয়েছে, মূল ভূমিকম্পের পর এক ঘণ্টারও বেশি সময় ধরে একাধিক আফটারশক অনুভূত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মিন্দানাওর জেনারেল সান্তোস সিটিতে একটি তিনতলা ভবন, যেখানে জনপ্রিয় ফাস্টফুড রেস্তোরাঁ জোলিবির শাখা ছিল, ধুলা ও ধ্বংসস্তূপের মধ্যে ধসে পড়ে। এ ঘটনায় আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।
এছাড়া বিভিন্ন স্থাপনার জানালা ভেঙে যাওয়া, ছাদ ধসে পড়াসহ ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্রও সামনে এসেছে।
ফিলিপাইনের ভূমিকম্প পর্যবেক্ষণ কর্তৃপক্ষ জানিয়েছে, সোকসারজেন অঞ্চলের জেনারেল সান্তোস সিটিতে তাদের অভ্যন্তরীণ মাত্রা স্কেলে ১০-এর মধ্যে ৭ মাত্রার ‘অত্যন্ত শক্তিশালী’ কম্পন অনুভূত হয়েছে।
ফিলিপাইনের প্রেসিডেন্ট ফের্দিনান্দ মার্কোস জানিয়েছেন, ভূমিকম্পের পর বেসামরিক প্রতিরক্ষা দপ্তর এবং জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কাউন্সিলসহ জরুরি সেবা সংস্থাগুলোকে সক্রিয় করা হয়েছে।
তিনি উপকূলীয় এলাকাবাসীকে সুনামি সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, ‘ক্ষতিগ্রস্ত এলাকার জনগণকে বলছি, অবিলম্বে উঁচু স্থানে চলে যান। অপেক্ষা করবেন না। আপনার জীবন যেকোনো সম্পদের চেয়ে বেশি মূল্যবান।’
মার্কোস আরও জানান, মিন্দানাওর বিভিন্ন প্রদেশে দিনের জন্য সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, ফিলিপাইনের উপকূলে সর্বোচ্চ ৩ মিটার উচ্চতার সুনামি ঢেউ আঘাত হানতে পারে। একই সঙ্গে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার কিছু এলাকায় ১ মিটার পর্যন্ত উচ্চতার ঢেউয়ের আশঙ্কা রয়েছে।
জাপান আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ১০টার দিকে ফিলিপাইন ও ইন্দোনেশিয়ার কিছু উপকূলে প্রথম ঢেউ পৌঁছানোর কথা ছিল। এরপর জাপানের দক্ষিণাঞ্চল ও তাইওয়ানে সকাল ১১টার দিকে এবং এক ঘণ্টা পরে মাইক্রোনেশিয়া, পাপুয়া নিউগিনি ও সলোমন দ্বীপপুঞ্জে ঢেউ পৌঁছাতে পারে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার ভূমিকম্পের মাত্রা প্রাথমিকভাবে ৮ দশমিক ২ নির্ধারণ করলেও পরে তা ৭ দশমিক ৮-এ নামিয়ে আনে। সংস্থাটি জানিয়েছে, এ ভূমিকম্প যুক্তরাষ্ট্রের উপকূলীয় অঞ্চলের জন্য কোনো হুমকি সৃষ্টি করবে না।
জাপান, ফিলিপাইন ও ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ উপকূলীয় এলাকায় বিপজ্জনক ঢেউয়ের সতর্কতা জারি করে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।
ফিলিপাইনের কর্তৃপক্ষ জানিয়েছে, সারাঙ্গানি, দাভাও অক্সিডেন্টাল, তাওই-তাওই ও সুলুসহ অন্তত নয়টি প্রদেশের বাসিন্দাদের অবিলম্বে উঁচু স্থানে বা উপকূল থেকে দূরে সরে যেতে হবে।
ফিভোলক্স আরও জানিয়েছে, সংশ্লিষ্ট প্রদেশগুলোর বন্দর, মোহনা ও অগভীর উপকূলীয় এলাকায় থাকা নৌযানের মালিকদের নৌকা নিরাপদে সরিয়ে নিতে হবে। সমুদ্রে অবস্থানরত নৌযানগুলোকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে ইন্দোনেশিয়াও উত্তর সুলাওয়েসি, উত্তর গোরোন্তালো প্রদেশ এবং সাঙ্গিহে দ্বীপপুঞ্জের কিছু এলাকায় জরুরি সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করেছে।
জাপানের ওকিনাওয়াসহ দক্ষিণাঞ্চলীয় দ্বীপগুলোতেও সুনামি সতর্কতা রয়েছে।
অন্যদিকে নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জ ও গুয়ামে জারি করা আগের সুনামি সতর্কতা প্রত্যাহার করা হলেও কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে এখনো শক্তিশালী স্রোত ও বিপজ্জনক সমুদ্র পরিস্থিতির ঝুঁকি রয়েছে।
সূত্র: রয়টার্স আল-জাজিরা


