থাইল্যান্ড সীমান্তের কাছে মায়াবতী শহরে জান্তার একটি কার্যালয় ও থানা দখল করে নিয়েছে মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে যুদ্ধরত বিদ্রোহী গোষ্ঠী কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি (কেএনএলএ) ও তাদের সহযোগীরা।

দ্য ইরাবতীর প্রতিবেদনে বলা হয়েছে, কারেন ন্যাশনাল ইউনিয়নের সশস্ত্র শাখা কেএনএলএ ও সহযোগীরা বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল থেকে থিঙ্গানিনাং গ্রামে আক্রমণ করছে। শনিবার (৯ মার্চ) তাদের আক্রমণের কারণে জান্তার ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন ৩৫৫ ঘাঁটি ও থানার পতন হয়েছে।

থাইল্যান্ডের গুরুত্বপূর্ণ এশিয়া হাইওয়েতে মায়াওয়াদ্দি এবং কাওকারেক সীমান্তের শহরগুলোর মধ্যে অবস্থিত থিঙ্গানিনাং গ্রাম।

একজন যোদ্ধা দ্য ইরাবতীকে জানিয়েছেন, আশপাশের পদাতিক ব্যাটালিয়ন ৩৫৬ ও ৩৫৭ বর্তমানে আক্রমণের অধীনে রয়েছে। তবে বিমান হামলা ও গোলাবর্ষণের মাধ্যমে হামলার জবাব দিচ্ছে জান্তা।

তিনি আরও বলেছেন, ‘আমরা এখন পদাতিক ব্যাটালিয়ন ৩৫৬ দখল করার জন্য যুদ্ধ করছি। বেশিরভাগ সৈন্য ঘাঁটি ছেড়ে পালিয়ে গেছে। মাত্র কয়েকজন অবশিষ্ট আছে। দুটি ব্যাটালিয়নের সৈন্যরা ৩৫৭ ব্যাটালিয়নের দিকে পালিয়ে গেছে।’

তিন দিনের সংঘর্ষের গ্রামগুলোতে প্রায় ১০০ বোমা ফেলেছে জান্তা। এতে ধ্বংস হয়েছে প্রায় ৬০টি বাড়ি।

থিঙ্গানিনাং-এ প্রায় ৩ হাজার বেসামরিক পরিবার ও প্রায় ৭ হাজার বাসিন্দা ছিল। তাদের প্রায় সবাই মায়াওয়াদ্দি ও আশপাশের গ্রামে পালিয়ে গেছে।

রাজনৈতিক বন্দীদের সহায়তা সংস্থার মতে, জান্তার হাতে কমপক্ষে ৪ হাজার ৬৫৪ বেসামরিক নিহত ও ২৬ হাজার ২২৮ জন আটক হয়েছে।

 

-পার্বত্য সময়