মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দেশটিতে বসবাসরত রোহিঙ্গাদের স্থানীয় আইন ও বিধিবিধান কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, কোনো ধরনের আইন লঙ্ঘনের ক্ষেত্রে সরকার কোনো আপস করবে না।
শুক্রবার (১২ জুন) সেলাঙ্গর রাজ্যের হুলু লাঙ্গাত এলাকায় রোহিঙ্গাদের একটি অবৈধ বহুতল ভবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সৃষ্ট প্রতিক্রিয়ার জবাবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, ভবন নির্মাণের বিষয়টি সংশ্লিষ্ট পৌরসভা ও রাজ্য সরকারের অধীন। অবৈধ স্থাপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতোমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে।
তবে রোহিঙ্গা সংকটকে মানবিক দৃষ্টিকোণ থেকেও দেখার আহ্বান জানান আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, মিয়ানমারে চলমান পরিস্থিতির কারণে রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসন এখনো জটিল ও চ্যালেঞ্জপূর্ণ।
মালয়েশিয়া দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের তৃতীয় কোনো দেশে পুনর্বাসন অথবা নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ চালিয়ে গেলেও এখন পর্যন্ত স্থায়ী সমাধান পাওয়া যায়নি।
তিনি আরও জানান, রোহিঙ্গা ইস্যু নিয়ে মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে। পাশাপাশি আঞ্চলিক পর্যায়েও বিষয়টি গুরুত্বের সঙ্গে উত্থাপন করা হয়েছে। বাংলাদেশসহ পুরো অঞ্চলে রোহিঙ্গা সংকটের প্রভাব রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইলের সঙ্গে মন্ত্রিসভার বৈঠকে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সেলাঙ্গর রাজ্য সরকার ও স্থানীয় প্রশাসন ২০১৬ সাল থেকে অবৈধ বসতিগুলোর বিরুদ্ধে নোটিশ জারি, জরিমানা এবং সমন্বিত অভিযান পরিচালনা করে আসছে। সংশ্লিষ্ট অবৈধ স্থাপনাগুলো শিগগিরই গুঁড়িয়ে দেওয়ার পরিকল্পনাও রয়েছে বলে জানা গেছে।
প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার জনগণ, বিশেষ করে মুসলিম সমাজের প্রতি রোহিঙ্গা সংকট মোকাবিলায় মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, আইন প্রয়োগের পাশাপাশি মানবিক দায়বদ্ধতাও সমানভাবে গুরুত্বপূর্ণ।


