জার্মানির মিউনিখে মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে হোটেল বায়েরিসচার হোফের সম্মেলনস্থলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

সূত্র জানায়, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউক্রেনের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত ও শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান।

তিনি ইউক্রেনের জনগণের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং যুদ্ধবিধ্বস্ত দেশটির পুনর্গঠনে সহায়তা করার আশ্বাস দেন।

জেলেনস্কি বাংলাদেশের প্রতি সমর্থনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশের সাথে সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ সময় উপস্থিত ছিলেন।

এই বৈঠক বাংলাদেশ ও ইউক্রেনের সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

গত মাসে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম সরকারি বিদেশ সফর। আগামী ১৯ ফেব্রুয়ারি তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

 এ কে এস

-পার্বত্য সময়