পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি থানায় মঙ্গলবার (১২ ডিসেম্বর) জঙ্গি হামলায় ২৩ সেনা নিহত হয়েছে। দেশটির সেনাবাহিনী বলছে, একটি বিস্ফোরক বোঝাই ট্রাক চালিয়ে থানাটিতে হামলা করে জঙ্গিরা। এটিকে বেস ক্যাম্প হিসেবে ব্যবহার করে আসছিল পাকিস্তানি সেনারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর প্রকাশ করেছে।
উদ্ধারকারী দলের সদস্য আয়াজ মেহমুদ বলেছেন, প্রচুর সেনা ও পুলিশ কর্মী আহত হয়েছেন। অনেকের অবস্থা সংকটজনক। পাকিস্তানের সংবাদপত্র ডন জানিয়েছে, ২৩জন সেনা জওয়ান মারা গেছেন। ৩০ জন আহত হয়েছেন।
কেয়ারটেকার প্রধানমন্ত্রী আলোয়ারউল হক কাকার বলেছেন, এই কাপুরুষোচিত আক্রমণ করে নিরাপত্তা বাহিনীর মনোবল ভেঙে দেওয়া যাবে না।
এই ঘটনার দায় স্বীকার করেছে তেহরিক-ই-জিহাদ। পাকিস্তানের এই অঞ্চলে পাকিস্তানি তালেবানদের প্রভাব রয়েছে। তাদের গোষ্ঠীর নাম তেহরিক-ই-তালেবান বা টিটিপি। এই নতুন গোষ্ঠী টিটিপি-রই শাখা বলে মনে করা হচ্ছে।
সেনাবাহিনীসহ পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এই অঞ্চলে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। তারা ওই থানাতেই ছিলেন।
২০২১ সালে তালেবান আফগানিস্তানে ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানের এই সীমান্ত অঞ্চলে সহিংসতা অনেকটাই বেড়ে গেছে। জানুয়ারিতে পেশোয়ারের একটি মসজিদে আত্মঘাতী বোমারুর হামলায় ১০১ জন মারা গেছিলেন।
পার্বত্য সময়

