বিএসএফ রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ছয়জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

রোববার (১৪ জন) সকালের দিকে ভারতের ঝালুরচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা ওই ছয়জনকে সীমান্তের কাছাকাছি নিয়ে আসে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয়দের ভাষ্যমতে, তারা বর্তমানে ভারতীয় ভূখণ্ডের প্রায় ৫০ গজ ভেতরে অবস্থান করছেন।

ঘটনাটি ছড়িয়ে পড়ার পর সীমান্ত এলাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দ্রুত সতর্ক অবস্থান নেয়। গয়টাপাড়া বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় টহল জোরদার করে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

শৌলমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সোনা মিয়া বলেন, সাম্প্রতিক সময়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে লোকজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা বেড়েছে। এ ধরনের যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা সতর্ক অবস্থানে রয়েছেন।

বিজিবি সূত্র জানায়, আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাউকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে। গয়টাপাড়া বিওপির হাবিলদার মাসুদ রানা জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সীমান্ত এলাকায় নজরদারি ও টহল কার্যক্রম বাড়ানো হয়েছে।