কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন উপকূল থেকে ২ হাজার ৪০০ বস্তা সিমেন্টসহ তিনটি মাছ ধরার নৌযান জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড। একই অভিযানে ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৬ মে) দিনভর অভিযান চালানো হয় এবং রোববার (১৭ মে) কোস্টগার্ডের পক্ষ থেকে বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কোস্টগার্ড জানায়, জব্দ করা সিমেন্টের বস্তাগুলো মাছ ধরার নৌযানের মাধ্যমে অবৈধভাবে মিয়ানমারে পাচার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নৌযানগুলো আটক করা হয়।

এ ঘটনায় টেকনাফ থানায় কোস্টগার্ডের পক্ষ থেকে মামলা করা হয়েছে। জব্দকৃত সিমেন্ট ও গ্রেপ্তার ব্যক্তিদের পরে থানায় হস্তান্তর করা হয়।

বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, তারা চট্টগ্রামের হাতিয়া ও সন্দ্বীপের বিভিন্ন এলাকা থেকে সিমেন্ট সংগ্রহ করে মিয়ানমারে পাচার করছিলেন।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয় যাচাই শেষে কক্সবাজার আদালতে পাঠানো হবে।