মিয়ানমারে পাচারকালে ১০ হাজার কেজি ইউরিয়া সারসহ ৯ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আজ রোববার (০১ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত ২টার দিকে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্ব গভীর সমুদ্র এলাকায় ‘অপারেশন সার সুরক্ষা’র আওতায় কোস্ট গার্ডের একটি জাহাজ বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দিলে সেটি অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে গভীর সমুদ্র থেকে বোটটি আটক করা হয়।
আটক বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ করা হয়। এ সময় পাচার কাজে ব্যবহৃত বোটসহ ৯ জন পাচারকারীকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা বেশিরভাগ চট্টগ্রামের পটিয়া ও কর্ণফুলী থানার বাসিন্দা। তারা হলেন- মো. ফুরকান (৬০), সৈয়দ নূর (৩২), তৌফিক ইসলাম (৩৪), মো. সাদ্দাম হোসেন (৩৪), মো. ইকবাল হোসেন (৩৫), শাহজাহান (৪৪), আলাউদ্দিন (৪৪), মো. আব্বাস (৪৭), মো. রফিক আহমেদ (৬০)।
কোস্ট গার্ড জানায়, জব্দকৃত সার, বোট ও আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


