মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিজিবির ছোড়া গুলিতে এক ভারতীয় চোরাকারবারি আহত হয়েছে। শনিবার (১৩ জুন) রাতে এ ঘটনা ঘটে। তবে আহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।
বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আতাউর রহমান সুজন এই তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতেও এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনাকালে বিজিবি টহলদল দুইজন সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারিকে চ্যালেঞ্জ করে। এ সময় তারা ধারালো অস্ত্র নিয়ে টহলদলের ওপর আক্রমণের করে।
বিজিবি আরও জানায়, আত্মরক্ষার্থে ও পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বিজিবি সদস্যরা ফায়ার করলে একজন চোরাকারবারি আহত হয়। আহত ব্যক্তিসহ অপর চোরাকারবারি ভারতে পালিয়ে যায়।
এ বিষয়ে প্রয়োজনীয় গোয়েন্দা অনুসন্ধান ও আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলেও জানিয়েছে বিজিবি।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবি সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ।


