সিরাজগঞ্জে নানা ভাষা, সংস্কৃতি ও সামাজিক বৈচিত্র্যের মধ্যে ঐক্য ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো ‘বৈচিত্র্যের ঐক্য ও সংস্কৃতির মিলনমেলা’।
শনিবার (১৬ মে) সকাল ১০টায় শহরের মুক্তির সোপান প্রাঙ্গণ-এ বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকবাল হাসান মাহমুদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মামুন খানসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে মূল পর্ব শুরু হয়। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা গান, নৃত্য, কবিতা আবৃত্তি ও লোকজ পরিবেশনার মাধ্যমে দেশের বহুমাত্রিক সংস্কৃতি তুলে ধরেন। অংশগ্রহণকারীরা নিজ নিজ ঐতিহ্যবাহী পোশাক, খাবার ও সংস্কৃতি প্রদর্শন করেন, যা দর্শনার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।
প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হলো বৈচিত্র্যের মধ্যকার ঐক্য। ধর্ম, ভাষা ও সংস্কৃতির ভিন্নতা থাকলেও সবাই একই দেশের নাগরিক—এ সম্প্রীতির বন্ধন রক্ষা করতে পারলেই দেশ এগিয়ে যাবে। তিনি তরুণদের অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে মানবিক বাংলাদেশ গঠনের আহ্বান জানান।
জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, সংস্কৃতি মানুষের মননকে সমৃদ্ধ করে এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তোলে। এ ধরনের আয়োজন সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দিনব্যাপী এ আয়োজন শেষে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও অংশগ্রহণকারীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পুরো অনুষ্ঠানজুড়ে মুক্তির সোপান প্রাঙ্গণ এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।


