ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ হস্তান্তর করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের মরদেহ হস্তান্তর করা হয়।
শনিবার (০৯ মে) বিকেলে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে নিহত মুরসালিন ও নবীর হোসেনের মরদেহ ফেরত দেয় বিএসএফ।
নিহত মুরসালিন (২০) কসবা উপজেলার বিষ্ণউরি সীমান্তবর্তী ধজনগর গ্রামের হেবজু মিয়ার ছেলে। অপরদিকে নবীর হোসেন কসবার মধুপুর গ্রামের মৃত মকরম আলীর ছেলে।
বিজিবি জানায়, শুক্রবার রাতে প্রায় ১৫ জন বাংলাদেশি চোরাকারবারি ভারত থেকে অবৈধ পণ্য নিয়ে ফেরার সময় বিএসএফের ৪৯ ব্যাটালিয়নের সদস্যদের হাতে আটক হন। এ সময় বিএসএফ সদস্যদের সঙ্গে তাদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে মুরসালিন ও নবীর হোসেন গুরুতর আহত হন। পরে আহত দুজনকে উদ্ধার করে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এ বিষয়ে লেফট্যানেন্ট কর্নেল শরিফ পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফেরত আনার বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে নাজনীন সুলতানা বলেন, বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে এবং ভারতীয় পুলিশের উপস্থিতিতে মরদেহ দুটি আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

