মাত্র দুই সপ্তাহের ব্যবধানে নওগাঁ সীমান্ত দিয়ে আবারও নারী, পুরুষ ও শিশুসহ ৯ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির সতর্ক অবস্থানের কারণে তাদের বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়নি।

বুধবার (২৪ জুন) ভোররাতে জেলার পতাড়ী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নওগাঁ-১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আদাতলা বিওপির আওতাধীন পতাড়ী সীমান্ত এলাকার ৪৪ নম্বর মেইন পিলারের কাছে ভোররাতে কয়েকজন ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে বিজিবি সদস্যরা। পরে তাদের আটকিয়ে জিজ্ঞাসাবাদ করলে জানা যায়, তারা ভারতের বাংলা ভাষাভাষী নাগরিক।

বিজিবির দাবি, বিএসএফ সদস্যরা ওই ৯ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছিল। তাদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী এবং তিনজন শিশু রয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল মাসুম বলেন, ‘তাদের বর্তমানে সীমান্তের শূন্যরেখায় রাখা হয়েছে। পুরো এলাকা বিজিবির কঠোর নজরদারিতে রয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।’

এর আগে, গত ৫ জুন একই সীমান্তের কলমু ডাঙ্গা এলাকায় ১৭ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। সে সময়ও বিজিবি তাদের প্রতিহত করে এবং পুশব্যাক করতে সক্ষম হয়।

সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় এ ধরনের ঘটনার পুনরাবৃত্তিতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।