মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা সীমান্ত দিয়ে ১০ নারী-পুরুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় ওই চেষ্টা ব্যর্থ হয়েছে। বাধার মুখে সংশ্লিষ্ট ব্যক্তিরা আবার ভারতীয় ভূখণ্ডে ফিরে যান।

বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে সহড়াতলা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোরের দিকে নারী ও পুরুষসহ ১০ জনের একটি দল সহড়াতলা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভেতরে প্রবেশ করে। অভিযোগ রয়েছে, বিএসএফ সদস্যরা কাঁটাতারের বেড়ার একটি গেট খুলে তাঁদের বাংলাদেশে প্রবেশে সহায়তা করেন।

পরে ওই ব্যক্তিরা সহড়াতলা গ্রামের ভেতর দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পান। খবর পেয়ে বিজিবি সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছে তাঁদের গতিরোধ করেন। এ অবস্থায় ওই ব্যক্তিরা আবার সীমান্তের দিকে ফিরে যান। স্থানীয় সূত্র জানায়, বর্তমানে তাঁরা ভারতীয় ভূখণ্ডের একটি ফসলি মাঠে অবস্থান করছেন।

জানা গেছে, ভোরে একদল মানুষ সীমান্তসংলগ্ন একটি পাটখেত থেকে বের হয়ে গ্রামের কাঁচা সড়ক ধরে ভেতরের দিকে যাচ্ছিল। প্রথমে কয়েকজন গৃহবধূ বিষয়টি লক্ষ্য করে এলাকাবাসীকে জানান। পরে গ্রামবাসীরা জড়ো হতে শুরু করলে ওই ব্যক্তিরা সীমান্তের কাঁটাতারের বেড়ার দিকে ফিরে যান।

সহড়াতলা বিজিবি ক্যাম্পের কমান্ডার আইয়ুব হোসেন বলেন, বিএসএফ ১০ জন নারী-পুরুষকে বাংলাদেশের সীমানায় ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল। তবে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের সতর্ক অবস্থানের কারণে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন সীমান্ত এলাকায় পুশ ইন চেষ্টার ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।