নোয়াখালীর ভাসানচর সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ সার ও অন্যান্য পণ্যসহ ছয় পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (২৯ জুলাই) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন ভাসানচরের একটি বিশেষ দল ভাসানচরের গাংগুরিয়ার চর সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহজনক কার্গো বোটে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে বোট থেকে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ১৭ লাখ ৪ হাজার ২৫০ টাকা মূল্যের ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার, ৩ হাজার ৭০০ কেজি ছোলা, ৬ হাজার ৮৫০ কেজি বুটের ডাল উদ্ধার করা হয়। এ ছাড়া পাচারকাজে ব্যবহৃত বোটসহ ছয়জন পাচারকারীকে আটক করা হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা মালামাল, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।