কক্সবাজারের দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিং করতে গিয়ে আকাশ থেকে সমুদ্রে ছিটকে পড়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভসংলগ্ন দরিয়ানগর সৈকতে এ ঘটনা ঘটে।

নিহত অক্ষর শৌভিক রায় (৩০) খুলনা সিটি করপোরেশনের বানিয়াখামার এলাকার স্যার ইকবাল সড়কের বাসিন্দা শেখর রায়ের ছেলে। তিনি বন্ধুদের সঙ্গে কক্সবাজার বেড়াতে এসেছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, খুলনা থেকে আসা ৯ জন যুবকের একটি দল শনিবার দুপুরে দরিয়ানগর সৈকতে যায়। সেখানে ২ হাজার টাকার টিকিট কেটে প্যারাসেইলিং করার জন্য প্রস্তুতি নেন শৌভিক। পরে তাকে প্যারাসেইলিংয়ে বেঁধে আকাশে ওড়ানো হয়।

প্রায় ৩০০ থেকে ৪০০ ফুট ওপরে ওঠার পর হঠাৎ প্যারাসেইলিং থেকে ছিটকে বঙ্গোপসাগরে পড়ে যান তিনি। পরে প্যারাসেইলিংয়ের কর্মীরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, নিহত পর্যটকের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বৈরী আবহাওয়ার মধ্যে প্যারাসেইলিং পরিচালনা এবং পর্যটকের মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

জেলা প্রশাসক মো. আ মান্নান জানান, বৈরী আবহাওয়ার কারণে তিন দিন আগে দরিয়ানগরসহ সব এলাকায় প্যারাসেইলিং বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। প্রশাসনের অনুমতি ছাড়াই সেখানে প্যারাসেইলিং পরিচালনা করা হচ্ছিল। বিষয়টি তদন্ত করা হচ্ছে।