মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির কাছে আটক থাকা তিন বাংলাদেশি কিশোরকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৬ মার্চ) দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ফ্রেন্ডশিপ ব্রিজ দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির কাছে বিভিন্ন সময়ে আটক হওয়া তিনজন বাংলাদেশি নাগরিককে আজ দুপুরে ঘুমধুম ফ্রেন্ডশিপ ব্রিজের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।”
তিনি আরও জানান, “গত ১৪ ফেব্রুয়ারি তুমব্রু সীমান্ত এলাকা থেকে একজনকে এবং ২৮ ফেব্রুয়ারি উখিয়া ব্যাটালিয়নের অধীন বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী বালুখালী নদী এলাকায় মাছ ধরতে গেলে আরও দুজনকে আরাকান আর্মি ধরে নিয়ে যায়।”
বিজিবির এই কর্মকর্তা বলেন, “আটক কিশোরদের পরিবারের তথ্যের ভিত্তিতে বিজিবি কর্তৃপক্ষ আরাকান আর্মির সঙ্গে নিয়মিত যোগাযোগ ও প্রয়োজনীয় সমন্বয় করে। নিরলস প্রচেষ্টার মাধ্যমে আজ তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।”
ফেরত আসা ব্যক্তিরা হলেন— বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম পশ্চিমপাড়া এলাকার মৃত মনজুর আলমের ছেলে মো. বাপ্পি (২৮), একই এলাকার ওসমান গনি রাব্বি (১৮) এবং টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার হেরেন্দ্রপাড়া এলাকার মো. হেলাল উদ্দিনের ছেলে মো. জনি মিয়া (২২)।
লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, “বিজিবি তাদের নিকটতম আত্মীয়-স্বজনদের সঙ্গে যোগাযোগ করে তিনজনকেই পরিবারের কাছে হস্তান্তর করেছে।”
তিনি আরও বলেন, “কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি চোরাচালান, মাদক, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।”
এর আগে গত ১৮ ফেব্রুয়ারি মিয়ানমারের আরাকান আর্মির হেফাজতে থাকা বঙ্গোপসাগর থেকে আটক ৭৩ জন জেলেকে বিজিবির সহায়তায় বাংলাদেশে ফেরত আনা হয়েছে। এদের মধ্যে ৬৬ জন বাংলাদেশি এবং ৭ জন রোহিঙ্গা জেলে ছিলেন।
- -পার্বত্য সময়


