ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে আজ স্থানীয় সময় ভোর ৫ টার দিকে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS)। ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল সারাঙ্গানি প্রদেশের কোটা বাতো শহর থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, ভূপৃষ্ঠের ৭০ কিলোমিটার গভীরে।
প্রাথমিক খবরে জানা যায়নি ভূমিকম্পে কতজন হতাহত হয়েছে বা কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। তবে, স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে যে ভূমিকম্পে বেশ কিছু ভবন ধ্বংস হয়েছে এবং ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।
ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। দেশটির সুরিগাও দেল সুর, দাভাও ওরিয়েন্টালের উপকূলীয় এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়, তবে পরে তা প্রত্যাহার করা হয়।
উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরীয় "রিং অফ ফায়ার"-এ অবস্থিত ফিলিপাইনে প্রায়শই ভূমিকম্প হয়।  ২০২৩ সালের নভেম্বরে দেশটির দক্ষিণাঞ্চলে ৬.৭ মাত্রার আরেকটি ভূমিকম্পে ৮ জন নিহত হয়েছিল।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপসংস্থা রিং অব ফায়ারকে বিশ্বের সবচেয়ে ভূমিকম্প এবং আগ্নেয়গিরির সক্রিয় অঞ্চল হিসেবে শনাক্ত করেছে।

-পার্বত্য সময়