ভারতীয় সেনাবাহিনী প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়া ও ভারতের বিরুদ্ধে কার্যক্রম চালিয়ে গেলে দেশটিকে সিদ্ধান্ত নিতে হবে তারা ‘ভূগোলের অংশ থাকবে, নাকি ইতিহাসে হারিয়ে যাবে’।

শনিবার নয়াদিল্লিতে আয়োজিত ‘সেনা সংলাপ’ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, যদি পাকিস্তান সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া ও ভারতের বিরুদ্ধে কার্যক্রম অব্যাহত রাখে, তাহলে এর পরিণতি গুরুতর হবে।

তিনি আরও জানান, অপারেশন ‘সিন্ধুর’র মতো পরিস্থিতি পুনরায় তৈরি হলে ভারতের প্রতিক্রিয়া হবে কঠোর ও নির্ধারিত।

এর আগে, ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও একই ধরনের হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, সীমান্ত এলাকায় কোনো অভিযানমূলক ভুল পদক্ষেপ হলে তার কঠিন জবাব দেওয়া হবে।

ভারত সরকার বারবার বলেছে, দেশের মাটিতে কোনো সন্ত্রাসী হামলা হলে তার জবাব নির্দিষ্ট সময় ও পরিকল্পনা অনুযায়ী দেওয়া হবে এবং সন্ত্রাস সংশ্লিষ্ট সব স্থাপনা লক্ষ্যবস্তু হতে পারে। পাশাপাশি পারমাণবিক হুমকিকে কোনোভাবেই সহ্য করা হবে না বলেও অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস